নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই তুলে নিতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা নাশকতার অভিযোগগুলো সরকার যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে না। বরং বিভিন্ন ঘটনার দায় লঘু করে দেখার মাধ্যমে দলটিকে পুনর্বাসনের সুযোগ তৈরি করা হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদের বিরোধী দলের একটি সংসদীয় প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে গেলে আব্দুল্লাহ আল আমিন বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে বাড়িটিকে পরিত্যক্ত ভবন এবং অগ্নিকাণ্ডকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফল বলে উল্লেখ করেছেন। এতে আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা নাশকতার অভিযোগকে আড়াল করে দলটিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা চলছে কি না, সে প্রশ্ন জনমনে তৈরি হয়েছে।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতিকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এ পরিস্থিতিতে চলতি সপ্তাহের মঙ্গলবার নিরাপত্তা চেয়ে তিনি কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরদিন বুধবার দিবাগত রাতে তার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের বিবরণ তুলে ধরে আল আমিন দাবি করেন, সিসিটিভি ও ভিডিও ফুটেজে আগুন লাগার পর বাড়ি থেকে নারী ও শিশুদের বেরিয়ে আসতে দেখা গেছে। ধোঁয়ায় একজন অজ্ঞান হয়ে পড়েন বলেও ফুটেজে দেখা যায়। সাতজন মানুষের বসবাস থাকা একটি বাড়িকে পরিত্যক্ত হিসেবে উল্লেখ করার বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে শর্ট সার্কিটের বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, ঘটনাস্থলে বৈদ্যুতিক মিটার ও সংযোগ স্বাভাবিক অবস্থায় রয়েছে। পল্লী বিদ্যুতের কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেও শর্ট সার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। তার মতে, তদন্তের আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে।
আব্দুল্লাহ আল আমিন আরও অভিযোগ করেন, সারা দেশে বাসে অগ্নিসংযোগ, চালক হত্যাসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটলেও সরকার সেগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে না। কুষ্টিয়ায় অগ্নিসংযোগের ঘটনার পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের উল্লাস এবং দায় স্বীকারের বিষয়টিও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
এ সময় তিনি ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য প্রতিরোধে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
নাগরিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চান। তবে রাষ্ট্র যদি নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জনগণকে বাস্তব পরিস্থিতি জানিয়ে দেওয়া উচিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জনগণ যেভাবে নিজেদের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে ঐক্যবদ্ধ হয়েছিল, প্রয়োজন হলে সেভাবেই জনগণ সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে এগিয়ে আসবে।
সংসদীয় প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন সংসদ সদস্য আব্দুল গফুর ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এ সময় ভুক্তভোগী সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
Leave a Reply