নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নায়েম খান হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত নায়েম খানের বড় মেয়ে ও মামলার বাদী হীরা আক্তার অভিযোগ করে বলেন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় তাঁদের প্রায় ৩০০ বছরের পুরোনো পৈত্রিক চলাচলের রাস্তা প্রতিবেশী মো. হোসেন বন্ধ করে দেন। এতে তাঁদের পরিবারসহ এলাকার ১৯টি পরিবারের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
তিনি বলেন, বিষয়টি থানা পুলিশ থেকে শুরু করে সিটি করপোরেশন পর্যন্ত জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। একপর্যায়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা বন্ধের কাজও বন্ধ করে দেয়। এ নিয়ে মো. হোসেনের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল।
হীরা আক্তারের অভিযোগ, গত ৭ নভেম্বর শনিবার দুপুরে তাঁর বাবা নায়েম খান নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা নিয়ে বিরোধের জেরে মো. হোসেন, তাঁর ছেলে ইকবাল হোসেন ও স্ত্রী মায়া আক্তারসহ কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে তাঁকে মারধর করেন। এতে তাঁর বাবা গুরুতর আহত হন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হীরা আক্তার আরও বলেন, এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মো. হোসেন, তাঁর ছেলে মো. ইকবাল হোসেন ও স্ত্রী মায়া আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করে আসামিদের দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের দাবি জানান।
মানববন্ধনে নিহত নায়েম খানের ছোট ভাই দেলোয়ার হোসেন ও মনির হোসেন, ছোট বোন মিনু বেগম ও আতর বানু, ভাগিনা দুলাল, বাদীর ছোট বোন পান্না, প্রতিবেশী পারভেজসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী অংশ নেন।
Leave a Reply