নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতনামা দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় আবুল হোসেন (২৭) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে আদমজী ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ও সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল হোসেন সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সোয়াদ গার্মেন্টস লিমিটেডের জুনিয়র ড্রাই প্রসেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী জুবায়ের হোসেন জানান, সকালে অটোরিকশায় করে কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি আবুল হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবুল হোসেন চাঁদপুর সদর উপজেলার রাঙ্গেগাঁও এলাকার আবুল বাকের গাজীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
Leave a Reply