নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গা মন্দিরে ভক্তদের প্রবেশে বাধা, মন্দিরের প্রবেশপথের তালা পরিবর্তন ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে নীট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক মনির হোসেন মনা ও নিরাপত্তা বিভাগের ইনচার্জ ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাঁদের হেফাজতে নেয়। তবে তাঁদের এখনো আনুষ্ঠানিকভাবে আটক দেখানো হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীনারায়ণ কটন মিলস এলাকার দুর্গা মন্দিরের জমি নিয়ে এক যুগেরও বেশি সময় ধরে মন্দির কমিটির সঙ্গে নীট কনসার্ন গ্রুপের মালিকপক্ষের বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।
অভিযোগ রয়েছে, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নীট কনসার্ন গ্রুপের লোকজন মন্দিরের প্রবেশপথে আগে থেকে থাকা তালা পরিবর্তন করে নতুন তালা লাগান। এ সময় মন্দিরের সামনে টানানো ব্যানার ও সামিয়ানা সরিয়ে ফেলার পাশাপাশি ভেতরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। একই সঙ্গে মন্দিরের প্রবেশপথ বন্ধ করে কালীপূজায় অংশ নিতে আসা ভক্তদের প্রবেশে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মন্দির কমিটির নেতারা।
ঘটনার পর মন্দির কমিটির পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয়ে বিষয়টি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে নীট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মনা ও নিরাপত্তা বিভাগের ইনচার্জ ইব্রাহিমকে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী অভিযোগ করে বলেন, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মন্দিরের প্রবেশগেটের আগের তালা সরিয়ে নতুন তালা লাগানো হয়েছে। পাশাপাশি মন্দিরের ভেতরে ভাঙচুর চালানো হয়েছে। তাঁদের লোকজন গেট বন্ধ করে কালীপূজায় অংশ নিতে আসা ভক্তদেরও আটকে দেন।
তিনি আরও বলেন, মন্দিরের জমি দখলের উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁরা মনে করছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে নীট কনসার্ন গ্রুপের পরিচালক জাহাঙ্গীরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মন্দিরের ঘটনায় নীট কনসার্ন গ্রুপের পরিচালকসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁদের আটক দেখানো হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
উল্লেখ্য, মন্দিরের জমি নিয়ে বিরোধ নিরসনে গত ২৬ অক্টোবর মন্দির কমিটি ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।
ওই বৈঠকে নারায়ণগঞ্জ জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শীপন, সনাতন পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি টনি মল্লিক, মন্দির কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্দির কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস জানিয়েছিলেন, জমি-সংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ওই এলাকায় নতুন স্থাপনা নির্মাণ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)। একই সঙ্গে মন্দির ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
Leave a Reply