নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬০ হাজার টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি করোলা প্রাইভেটকারসহ রিফাত ওরফে হৃদয় (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় যমুনা ব্যাংকের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিফাত ওরফে হৃদয় ফতুল্লার সস্তাপুর এলাকার আব্দুল করিম স্কুলসংলগ্ন সাজ্জাদ মিয়ার বাড়ির বাসিন্দা। তিনি মৃত শরিফ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই মোঃ মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬০ হাজার টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি করোলা প্রাইভেটকার জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির পূর্ববর্তী অপরাধের তথ্য (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply