নিজস্ব প্রতিবেদক:
দেশের পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থের মধ্যে ভারসাম্য রেখে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি বলেন, অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে সরকার অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে। বিকাশমান অর্থনীতিতে শিল্প ও বাণিজ্যকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংকঋণের সুদের হার কমানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিনিয়োগ ও শিল্পের বিকাশে সহজ শর্তে অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিল্প খাতের জ্বালানি সংকট মোকাবিলায় মালিকদের সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে পোশাক শিল্পের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সংগঠন ও অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের বিভিন্ন সমস্যা সমাধানের ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশের যেকোনো সমস্যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সমাধান হওয়া উচিত।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার, মো. সামসুজ্জামান, আশিকুর রহমান ও ফকির কামরুজ্জামান।
এ ছাড়া পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া, মো. আবদুল হান্নান, খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, রতন কুমার সাহা, ইমরান কাদের, মিনহাজুল হক, বেলায়েত হোসেন, শাহরিয়ার সাইদ, এম ইসফাক আহসান, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ শামসুল আজম, ফৌজুল ইমরান খান, আবদুল বারেক, মহসিন রাব্বানি, আহমেদ নূর ফয়সাল, মনসুর আহমেদ, মামুনুর রশিদ ও মো. আরিফ ইসলাম শাহ উপস্থিত ছিলেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply