নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ইজিবাইক গ্যারেজে অস্ত্রের মুখে দুজনকে জিম্মি করে ৯২টি ব্যাটারি, চার্জার ও একটি বড় ইজিবাইক লুটের অভিযোগ উঠেছে। এ সময় গ্যারেজ মালিকের বাবা ও এক চালকের হাত-পা ও মুখ বেঁধে রেখে যায় দুর্বৃত্তরা।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত গভীর রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (২২ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গ্যারেজের মালিক মো. মাহবুবুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, রাত পৌনে ৪টার দিকে গ্যারেজসংলগ্ন এক প্রতিবেশীর ফোন পেয়ে লুটপাটের বিষয়টি জানতে পারেন মাহবুবুর রহমান। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি তাঁর বাবা ও গ্যারেজের এক চালককে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান। তাঁদের উদ্ধার করে গ্যারেজে তল্লাশি চালিয়ে ২৩টি ইজিবাইকের ৯২টি ব্যাটারি ও চার্জার এবং একটি বড় ইজিবাইক খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।
অভিযোগে উল্লেখ করা হয়, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল গ্যারেজের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তদের হাতে ছুরি, চাপাতি ও রামদাসহ দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে গ্যারেজে থাকা দুজনকে জিম্মি করে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। পরে গ্যারেজে থাকা ইজিবাইকগুলোর ব্যাটারি ও চার্জার খুলে একটি পিকআপে তুলে নেয়। পাশাপাশি একটি বড় ইজিবাইক নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ইজিবাইক গ্যারেজে চুরির ঘটনায় মালিক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply