নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লালপুর এলাকার ছানাউল্লাহর বাড়ির ভাড়াটিয়া জব্বার শিকদারের ছেলে মো. রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. জলিলের ছেলে মো. নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিঠুর ছেলে রাফি (১৯) এবং সুরুজ মিয়ার ছেলে আরিফ (২৬)।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন রাজনৈতিক মিছিলে অংশগ্রহণের ভিডিও পাওয়া গেছে। এ ছাড়া যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ভিডিও এবং দেশের অভ্যন্তরে ও বিদেশে অবস্থানরত বিভিন্ন ব্যক্তির সঙ্গে গ্রুপ চ্যাটের তথ্যপ্রমাণও পাওয়া গেছে বলে জানান ওসি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply