নিউজ ২৪ নারায়ণগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত নেতাদের আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু।
শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, আলমগীর কবির সেলিম এবং সাহিত্যে ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান সোহেল।
এ সিদ্ধান্তকে ইতিবাচক ও সময়োপযোগী উল্লেখ করে শেখ মোহাম্মদ অপু বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের এই উদ্যোগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। দায়িত্বপ্রাপ্ত নেতারা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সংগঠনের প্রকৃত চিত্র, সমস্যা, সম্ভাবনা ও সাংগঠনিক দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারবেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনের মধ্যে শৃঙ্খলা, জবাবদিহিতা ও পারস্পরিক সমন্বয় জোরদার করবেন বলে প্রত্যাশা করছি। একই সঙ্গে ত্যাগী, পরীক্ষিত ও সক্রিয় নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং নতুন নেতৃত্ব তৈরির ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করি।
এসময় “নিউজ ২৪ নারায়ণগঞ্জ” এর সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শেখ মোহাম্মদ অপু বলেন, কেন্দ্রীয় নেতাদের এই পর্যবেক্ষণের ফলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে তৃণমূলের সঙ্গে কেন্দ্রের দূরত্ব কমবে, নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক যোগাযোগ বাড়বে এবং কোথায় কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে শুধু পদ-পদবি থাকলেই হবে না; নেতাকর্মীদের মধ্যে দায়িত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা থাকতে হবে। ব্যক্তিগত বলয় বা বিভাজনের ঊর্ধ্বে উঠে দলের আদর্শ ও সাংগঠনিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে। যারা রাজপথে সক্রিয়, দলের দুঃসময়ে ভূমিকা রেখেছেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে আন্তরিক, তাদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী কর্মীবান্ধব সংগঠন গড়ে তোলা সম্ভব।
শেখ মোহাম্মদ অপু আরও বলেন, কেন্দ্রীয় কমিটির এই উদ্যোগকে আমরা কোনো চাপ হিসেবে নয়, বরং সংগঠনকে আরও সুন্দর ও শক্তিশালী করার একটি সুযোগ হিসেবে দেখছি। দায়িত্বপ্রাপ্ত নেতাদের সার্বিক সহযোগিতা করতে জেলা ও মহানগর যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই। আমি বিশ্বাস করি, তাঁদের নিষ্ঠা, সততা ও অভিজ্ঞতায় নারায়ণগঞ্জ যুবদল আরও শৃঙ্খলাপূর্ণ, আদর্শিক, ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠনে পরিণত হবে। অর্পিত দায়িত্ব পালনে তাঁরা সফল হবেন, ইনশাআল্লাহ।
Leave a Reply