শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা ও আশপাশের এলাকার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
রোববার (১৮ অক্টোবর) তিনি তাঁর সংসদীয় এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি পিলকুনী হিন্দুপাড়া মন্দির, পাগলা নয়ামাটি মন্দির, ফতুল্লা বাজার ডিআইটি মাঠের মন্দির, পাগলা সার্বজনীন পূজামণ্ডপ (কুতুবপুর), পশ্চিমপাড়া যুবসংঘ জেলেপাড়া (পাগলা), দাপা ঋষিপাড়া পূজামণ্ডপ (ফতুল্লা), শিশমহল রাধাগোবিন্দ (এনায়েতনগর), শ্রীশ্রী রক্ষাকালী মন্দির (কাশিপুর) এবং রঘুনাথপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের ওপর গুরুত্বারোপ করে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।
এমপি আব্দুল্লাহ আল আমিন সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি দুর্গোৎসবকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, ধর্মীয় উৎসব সবার অংশগ্রহণে আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হওয়া উচিত। পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।
মণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
Leave a Reply