নিউজ ২৪ নারায়ণগঞ্জ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু। পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও পূজার আয়োজনের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন শেখ মোহাম্মদ অপু। এ সময় লক্ষ্মীনারায়ণ, জেলেপাড়া, ২ নম্বর ঢাকেশ্বরীসহ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি। সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন তিনি।
এর আগে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে শেখ মোহাম্মদ অপুর নির্দেশনায় একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, দর্শনার্থীদের সহযোগিতা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।
পরিদর্শনকালে শেখ মোহাম্মদ অপু বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই নির্বিঘ্নে, আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করতে পারেন, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসব উদযাপন করতে হবে। কোনো অপশক্তি যেন উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। মানুষের পাশে থাকা এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “যুবদলের নেতাকর্মীরা শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন; তাঁরা সামাজিক দায়িত্ব পালনেও প্রতিশ্রুতিবদ্ধ। পূজামণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনের মাধ্যমে আমরা সম্প্রীতি, শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহযোগিতা করতে চাই। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্যও স্বেচ্ছাসেবকদের নির্দেশনা দেওয়া হয়েছে।”
এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ শেখ মোহাম্মদ অপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। তিনি তাঁদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং উৎসব উদযাপনে সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ মহানগর যুবদল ও সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply