নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবাসদৃশ গুঁড়া ও ভাঙা অংশ উদ্ধারসহ মো. আফজাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে ফতুল্লা থানাধীন বক্তাবলী এলাকার রাজাপুর চৌরাস্তা মোড়সংলগ্ন মেসার্স বন্ধু স্যানিটারি অ্যান্ড ইলেকট্রনিক্সের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় আফজাল হোসেনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আনুমানিক ৩০ গ্রাম হালকা কমলা রঙের গুঁড়া ও ভাঙা ইয়াবাসদৃশ পদার্থ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার আফজাল হোসেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কালীনগর বড়গ্রাম এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল মতিন এবং মায়ের নাম হোসনে আরা বেগম।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া তাঁর অপরাধসংক্রান্ত পূর্ববর্তী রেকর্ড (পিসিপিআর) যাচাই করে একাধিক মাদক মামলা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply