নিউজ ২৪ নারায়ণগঞ্জ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্ট। ধর্মীয় সম্প্রীতি, মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের দেওভোগ আখড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রান্তিক জনশক্তিবিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমতী অর্পণা রায় দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল হিন্দু সম্প্রদায়ের মানুষের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা জরুরি।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য রাফি উদ্দিন রিয়াদ, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক মিঠুন মোদক, নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য এবং নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনসহ পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং কল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply