নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৭৬ জন মাদকসেবী, তিনজন মাদক ব্যবসায়ী, পাঁচজন কিশোর গ্যাংয়ের সদস্য, ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, দুটি নিয়মিত মামলার আসামি, অন্যান্য ধারায় ১২ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছয়জন সদস্য রয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে পাঁচজন মাদকসেবী, দুজন ওয়ারেন্টভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ২৭ জন মাদকসেবী, পাঁচজন কিশোর গ্যাংয়ের সদস্য, দুজন ওয়ারেন্টভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন সদস্যসহ মোট ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে দুজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দর থানা পুলিশের অভিযানে ছয়জন মাদকসেবী, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য ধারায় তিনজনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ী, ২০ জন মাদকসেবী ও তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, ১৫ জন মাদকসেবী ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানা পুলিশের অভিযানে একজন মাদকসেবী ও নিয়মিত মামলার দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্যমতে, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং অপরাধ দমনের লক্ষ্যে জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
Leave a Reply