নিউজ ২৪ নারায়ণগঞ্জ
হিন্দু সম্প্রদায়ের মানুষের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বিএনপি সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। তিনি বলেছেন, বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বরং মানুষের কল্যাণে কাজ করতে বিশ্বাসী। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় দলটি প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে মনিরুল ইসলাম সজল বলেন, এ দেশের নাগরিক হিসেবে হিন্দু সম্প্রদায়ের মানুষেরও অন্য সবার মতো সমান অধিকার রয়েছে। তাদের সুখে-দুঃখে এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। হিন্দু-মুসলমানের সমান অধিকার নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের বিপদে-আপদে অতীতেও পাশে ছিলাম, আগামীতেও পাশে থাকব।”
মনিরুল ইসলাম সজল আরও বলেন, বাংলাদেশের সব নাগরিকের অধিকার সমান। একজন মুসলমান রাষ্ট্রের কাছ থেকে যেসব অধিকার পাওয়ার যোগ্য, একজন হিন্দু নাগরিকও একই অধিকার পাওয়ার অধিকারী। সম্প্রদায়ভিত্তিক বিভেদ নয়, বরং পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে যুবদলের এই নেতা বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষা এবং তাদের প্রয়োজনে কার্যকর ভূমিকা রাখতে সংগঠনটিকে দেশব্যাপী আরও শক্তিশালী করতে হবে। সাংগঠনিক সক্ষমতা বাড়লে মানুষের কল্যাণে আরও বিস্তৃত পরিসরে কাজ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বিএনপি মানুষের কল্যাণে কাজ করতে চায়। হিন্দু সম্প্রদায়ের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রান্তিক জনশক্তিবিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমতী অর্পণা রায় দাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য রাফি উদ্দিন রিয়াদ, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক মিঠুন মোদক, নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য এবং নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনসহ পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply