নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটা মালিকদের বিভিন্ন সমস্যা ও তা সমাধানের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং ইটভাটা শিল্পের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকারের কাছে যৌক্তিকভাবে সমস্যাগুলো তুলে ধরার আহ্বান জানানো হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের উত্তর গোপালনগর সিপাহি পাড়া এলাকায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি বক্তাবলী আঞ্চলিক কমিটির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপি ব্যবসাবান্ধব সরকার হিসেবে কাজ করে। দলটি রাষ্ট্র পরিচালনায় থাকাকালে ব্যবসা-বাণিজ্যের প্রসার, ব্যাংকিং কার্যক্রম সহজীকরণ এবং নতুন উদ্যোক্তা তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ব্যবসায়ীরা যাতে নতুনভাবে বিনিয়োগ করতে পারেন এবং উদ্যোক্তারা যেন নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় আইন ও নীতিগত পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করার মতো কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি।
ইটভাটা মালিকদের বিভিন্ন সমস্যার প্রসঙ্গে মামুন মাহমুদ বলেন, ইটভাটা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সরকারের কাছে যৌক্তিকভাবে উপস্থাপন করতে হবে। সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরতে পারলে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। এসব খাতের পাশাপাশি ইটভাটা শিল্প থেকেও সরকার উল্লেখযোগ্য রাজস্ব পেয়ে থাকে। ফলে এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সমস্যাগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
মামুন মাহমুদ বলেন, ইটভাটা মালিকদের ব্যবসা পরিচালনায় যেসব বাস্তব সমস্যা রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করা যেতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংগঠন ও মালিকদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. ছলিম উল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, যুগ্ম সম্পাদক রাসেল প্রধান ও সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ।
সভায় বক্তারা ইটভাটা শিল্পের বর্তমান পরিস্থিতি, ব্যবসা পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতা, মালিকদের নানামুখী সমস্যা এবং শিল্পটির জন্য সহায়ক ব্যবসায়িক পরিবেশ তৈরির বিষয়ে মতামত তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন ইটভাটার মালিকরা।
Leave a Reply