নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বানে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের হোসিয়ারী সমিতির সামনে থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবের নেতৃত্বে মিছিলটি বের হয়।
এর আগে হোসিয়ারী সমিতির সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মাসুকুল ইসলাম রাজিব বলেন, একটি স্বার্থান্বেষী মহল ভয়ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করবে, পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদেরও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা এবং তাদের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করা। দলের নেতাকর্মীদের গঠনমূলক সমালোচনা করার অধিকার সবার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষকে আতঙ্কিত করা, মানুষের চলাচলে বাধা সৃষ্টি কিংবা যানবাহনে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।
রাজিব বলেন, নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিকভাবে সচেতন ও সক্রিয় থাকবে।
নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন নানা প্রতিকূলতার মধ্যেও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়াননি। তাঁর আদর্শের কর্মী হিসেবে দলীয় নেতাকর্মীদের বক্তব্য, আচরণ ও রাজনৈতিক কর্মকাণ্ডে সংযম বজায় রাখতে হবে। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
পরে হোসিয়ারী সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে অংশ নেন।
কর্মসূচিতে সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সদর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক রানা মুজিব, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, বিএনপি নেতা মোক্তার হোসেন ভুঁইয়া, জুয়েল প্রধানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply