নিউজ ২৪ নারায়ণগঞ্জ
দীর্ঘদিনের স্মৃতি, হারিয়ে যাওয়া বন্ধুত্ব আর প্রিয় ক্যাম্পাসের টানে আবারও এক সুতোয় বাঁধা পড়তে যাচ্ছেন সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। আগামী ২৮ নভেম্বর নারায়ণগঞ্জ নগরীর ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে বসবে সাবেক শিক্ষার্থীদের বর্ণাঢ্য পুনর্মিলনীর আসর। কলেজটির ইতিহাসে প্রথমবারের মতো এত বড় পরিসরে আয়োজিত এ মিলনমেলাকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজক কমিটির মতবিনিময় সভায় এ আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।
সভায় আয়োজক কমিটির আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, সরকারি তোলারাম কলেজ প্রতিষ্ঠার পর এবারই প্রথম প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এত বড় পরিসরে পুনর্মিলনীর আয়োজন করা হচ্ছে। সাবেক শিক্ষার্থীদের প্রত্যাশা ও আবেগকে গুরুত্ব দিয়ে আয়োজনটি সফল করতে কাজ করছে কমিটি। তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজন বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পুনর্মিলনীর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
রাজীব আরও বলেন, এ আয়োজন সফল করতে সবার সহযোগিতা, দোয়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে তোলারাম কলেজের সাবেক শিক্ষার্থী সাংবাদিকদের নিজ নিজ অবস্থান থেকে পুনর্মিলনীর সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি অনুষ্ঠানটি সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হয়েছে বলেও স্পষ্ট করেন আয়োজক কমিটির আহ্বায়ক।
পুনর্মিলনীকে ঘিরে প্রচার-প্রচারণার জন্যও নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ৫০টি ব্যানার স্থাপনের উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। এতে বিভিন্ন সময়ের ব্যাচের সাবেক শিক্ষার্থীদের কাছে আয়োজনের বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, পুনর্মিলনীর প্রস্তুতি ইতোমধ্যে কয়েক ধাপে এগিয়েছে। গত ৫ অক্টোবর নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আয়োজনের প্রাথমিক পরিকল্পনা এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। ওই সভায় কলেজের সাবেক শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে প্রধান উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কলেজের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজীবকে আহ্বায়ক করা হয়।
পরবর্তী সময়ে ১১ অক্টোবর আয়োজক কমিটির সভায় পুনর্মিলনীর তারিখ ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়। একই সঙ্গে নিবন্ধনের শেষ সময় ১০ নভেম্বর ঘোষণা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ ও আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সদস্য ডা. মো. জাহাঙ্গীর আলম, ফজলুল হক রুমন রেজা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন এবং আয়োজক কমিটির সদস্য মাহবুব আলম, মশিউর রহমান ও কবির হোসেন।
আয়োজকদের প্রত্যাশা, এই পুনর্মিলনী শুধু সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় সীমাবদ্ধ থাকবে না; বরং বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করবে। ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণের মধ্য দিয়ে নতুন করে প্রাণ ফিরে পাবে তোলারামের পুরোনো দিনগুলো।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুনর্মিলনীতে অংশ নিতে আগ্রহী সরকারি তোলারাম কলেজের সব প্রাক্তন শিক্ষার্থীকে আগামী ১০ নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
Leave a Reply