নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ নভেম্বর) রাতে উপজেলার তারাব সেতুর নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির ‘গ’ জোনের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জের তারাব সেতুর নিচে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply