বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির প্রথমবারের মতো অনুষ্ঠিত সরাসরি নির্বাচনে সদস্য পদে বিজয় অর্জন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
১৯৭৫ সালে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার ৫১ বছর পর এবারই প্রথম সরাসরি ব্যালটের মাধ্যমে ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করেন আজীবন সদস্যরা। ঐতিহাসিক এই নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৯৯৭ জন ভোটারের মধ্যে ৩৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
পাঁচটি সদস্য পদের বিপরীতে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার সঙ্গে সদস্য পদে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ বারের সভাপতি সরকার হুমায়ুন কবির (২৭৫ ভোট), সিনিয়র আইনজীবী জাকির হোসেন (২৮১ ভোট), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী (২৬৪ ভোট) এবং সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (২৯৯ ভোট)।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। অ্যাডভোকেট নবী হোসেন ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বাধীন প্যানেল নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
উল্লেখ্য, নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ সম্পাদক পদে একটি এবং সদস্য পদে পাঁচটিসহ মোট ছয়টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান পদাধিকারবলে ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন চার কমিশনার অধ্যাপক বদরুন্নাহার, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, সোহেল আক্তার সোহান ও অ্যাডভোকেট সামছুন নূর বাধন। কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের লিডার মাহমুদা মুন্সি।
ফতেহ মোহাম্মদ রেজা রিপনের এই বিজয়ের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটিতে তার প্রতিনিধিত্ব নিশ্চিত হলো।
Leave a Reply