, , ,
শিরোনামঃ
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড বন্দরে এজাজ মেম্বার ও ছাত্রলীগ নেতা সিনহাসহ গ্রেপ্তার ১৮ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান, পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি ইউটিউব-চ্যাটজিপিটি থেকে কৌশল শিখে ইয়াবা কারখানা! মেশিন কেনা নারায়ণগঞ্জ থেকে, চট্টগ্রামে তরুণ গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট দেখানোর নামে ডেভেলপার পরিচালককে জিম্মি, ৩ লাখ টাকা লুটের অভিযোগে দুই নারীসহ গ্রেপ্তার ৩ বেতন বাড়লেই বাড়িভাড়া বাড়ালে বাড়িওয়ালাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর নারায়ণগঞ্জ যুবদলে সাংগঠনিক পুনর্গঠনের নতুন প্রত্যাশা, কেন্দ্রীয় উদ্যোগকে স্বাগত জানালেন অপু ফতুল্লায় নাশকতার অভিযোগে যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত ৪ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দুই মামলা, আসামি ২৫৭ সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইক গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৯২ ব্যাটারি

বেতন বাড়লেই বাড়িভাড়া বাড়ালে বাড়িওয়ালাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন বৃদ্ধির সুযোগে বাড়িভাড়া বাড়ানো থেকে বিরত থাকতে বাড়ির মালিকদের প্রতি কঠোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শ্রমিকদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে কোনো বাড়ির মালিক ভাড়া বৃদ্ধি করলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সাভার পৌরসভা কার্যালয়ে স্থানীয় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, সাধারণত পাঁচ বছর পরপর শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করা হলেও এবার অন্তর্বর্তীকালীন সরকারের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তিন বছরের মাথায় নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ইতোমধ্যে বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। পোশাকশিল্পের মালিক ও শ্রমিক—উভয় পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে আলোচনার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য বেতন কাঠামো নির্ধারণ করা হবে। তবে শ্রমিকদের বেতন বাড়বে, এটি নিশ্চিত।

তিনি আরও বলেন, একটি নিষিদ্ধ সংগঠন বিভিন্ন অজুহাতে দেশের গুরুত্বপূর্ণ শিল্প খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় শ্রমিকদের ন্যায্য দাবি ও শিল্পের স্বার্থ—দুটিই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অনেক শ্রমিক তাঁদের কাছে জানিয়েছেন, বেতন বাড়ানো হলে তাঁরা কাজে ফিরতে প্রস্তুত। তবে তাঁদের প্রধান উদ্বেগ বাড়িভাড়া বৃদ্ধি। বেতন বাড়ার পরপরই বাড়ির মালিকেরা ভাড়া বাড়িয়ে দিলে শ্রমিকদের আর্থিক সংকট আরও প্রকট হবে। এতে বেতন বৃদ্ধির সুফলও অনেকাংশে নষ্ট হয়ে যাবে।

বাড়ির মালিকদের উদ্দেশে তিনি বলেন, আর্থিকভাবে সচ্ছল হয়ে বাড়ি নির্মাণ করে শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া থেকে আয় করছেন অনেকে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাড়া না বাড়ানোর আহ্বান জানাচ্ছি। এরপরও কেউ ভাড়া বাড়ালে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনকে বাড়ির মালিকদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করে বিষয়টি বোঝানোর নির্দেশ দেন। আগামী এক থেকে দুই দিনের মধ্যে সাভারের বাড়ির মালিকদের সঙ্গে বসে ভাড়া না বাড়ানোর বিষয়ে অনুরোধ জানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকেও নির্দেশনা দেন তিনি।

সাভারের পাশাপাশি গাজীপুর, আশুলিয়া, ভালুকা, টঙ্গী, নারায়ণগঞ্জ, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কালিয়াকৈরসহ দেশের সব পোশাকশিল্প এলাকার বাড়ির মালিকদের প্রতিও একই আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এদিকে সভায় শ্রমিক নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে অতিথিরা একের পর এক বক্তব্য দিয়ে চলে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন উপস্থিত শ্রমিক প্রতিনিধিরা। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু এ ঘটনায় ক্ষোভ জানিয়ে বলেন, মতবিনিময়ের কথা বলে তাঁদের জরুরি ভিত্তিতে ডাকা হয়েছিল। দূর-দূরান্ত থেকে কষ্ট করে এসে তাঁরা সভায় অংশ নিলেও প্রতিমন্ত্রী কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের বক্তব্য শোনেননি। শুধু অতিথিদের বক্তব্যের মধ্যেই সভা শেষ হলে মতবিনিময়ের উদ্দেশ্য কতটুকু সফল হলো, সেই প্রশ্নও তোলেন তিনি।

সভায় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।