নারায়ণগঞ্জের ফতুল্লায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তিন বান্ডিল তাস ও নগদ ১৬ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়। নতুন জুয়া প্রতিরোধ আইন কার্যকর হওয়ার পর ফতুল্লা থানায় এ ঘটনায় প্রথম মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে ফতুল্লার ইসদাইর নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (৯ নভেম্বর) দুপুরে মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রুস্তম ব্যান্ড (৫৮), মো. খোকন (৫০), মো. নান্টু (৪০), মো. শাহাদাৎ (৪০), আবদুস সাত্তার (৪০), মো. শরীফ (৩৩), স্বপন চক্রবর্তী (৪৫), মাকসুদ আলম পাপ্পু (৪৫), মো. ওলি মিয়া (৪২), মো. বিল্লাল হোসেন (৫৫), বাচ্চু মিয়া (৪৮) ও মো. মঞ্জিল হোসেন (৪৬)।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার জানান, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ৪ ও ১৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ১২ জন ছাড়াও অভিযানের সময় পালিয়ে যাওয়া সাদেক (৪০), পলাশ (৪২), নজরুল (৪৮) এবং অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে মামলায় আসামি করা হয়েছে।
তিনি আরও জানান, নতুন আইনে জুয়া খেলার অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। আইনটি কার্যকর হওয়ার পর জুয়ার আসর থেকে ১২ জনকে গ্রেপ্তারের ঘটনায় ফতুল্লা মডেল থানায় এটিই প্রথম মামলা।
Leave a Reply