নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা এক সহকারী উপপরিদর্শক (এএসআই) হামলাকারীদের হাত থেকে রক্ষা পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, একজন এএসআই ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ওই এলাকায় গেলে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।
নিহত আনোয়ার হোসেন সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর বয়স ৩২ বছর। হামলার সময় তাঁর সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, তাঁরা ঘটনাস্থলে রয়েছেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। এর আগে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কনস্টেবলকে হত্যার পেছনে মাদক ব্যবসায়ীদের কোনো চক্র জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মালিকানাধীন বাড়িতে লুটপাটের অভিযোগের তদন্তে গিয়ে পাঁচজনকে আটক করেছিল ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে আটক ব্যক্তিদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁদের ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
পুলিশের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছিল, ওই অভিযুক্তদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও কিশোর অপরাধী দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
সর্বশেষ এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হামলাকারীদের শনাক্ত, হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত ও অভিযান চালাচ্ছে।
Leave a Reply