নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
অদক্ষ ও অসচেতনভাবে বিদেশে না গিয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন এবং বৈধ প্রক্রিয়ায় অভিবাসনের জন্য অভিবাসন প্রত্যাশীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘অভিবাসন প্রত্যাশীদের প্রশিক্ষণ গ্রহণ ও নিরাপদ অভিবাসনে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক [সার্বিক] সিফাত উদ্দিন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, টিটিসি, ব্যাকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, ট্রাভেলিং এজেন্সি ও বিদেশ ফেরত প্রবাসীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশের বেশিরভাগ মানুষ প্রশিক্ষণ ছাড়াই অদক্ষ হিসেবে প্রবাসে যাচ্ছেন। তাদের ভাষা বা কারিগরি শিক্ষা না থাকায় একই কর্মস্থলে বা একই মালিকের অধীনে দীর্ঘদিন কাজ করতে হয়। ফলে পদোন্নতির সুযোগ থাকে না এবং অনেকে কর্মহীন হয়ে পড়েন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, তথ্যের অভাবে সাধারণ মানুষ ভিসা বুঝতে পারেন না। প্রবাসে যাওয়ার পর আরও নানা ভাবে ক্ষতিগ্রস্ত হন। এর সঙ্গে অনেক এজেন্সি জড়িত। তারা নিম্ন আয়ের মানুষকে ভারী বেতনের লোভ দেখিয়ে পাঠায়।
তিনি আরও বলেন, যারা নিজের দক্ষতার ওপর ভর করে বিদেশ যেতে চান, তারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ বা সার্টিফিকেট নিয়ে গেলে সমস্যায় পড়েন না। তখন প্রবাসে বাংলাদেশ দূতাবাসও তাদের সঠিকভাবে সহায়তা করতে পারে। বাংলাদেশ থেকে যে পরিমাণ প্রবাসী বিদেশে যাচ্ছেন, সেই অনুপাতে রেমিট্যান্স আসছে না। তাই দক্ষতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
ডিসি দালাল চক্রের পাল্লায় পড়ে সর্বস্ব হারানো এবং পাসপোর্ট হারিয়ে নিরাপত্তাহীনতায় ভোগার ঝুঁকির কথা তুলে ধরে বলেন, তথ্য না নিয়ে বিদেশে গিয়ে অনেকে দীর্ঘদিন একই জায়গায় আটকে পড়ে ক্ষতিগ্রস্ত হন। যারা প্রবাসে যাবেন, তারা দক্ষতা ও ভাষা শিখে যাওয়ার আহ্বান জানাই।
সভায় জেলা প্রশাসক বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের নাম, মেয়াদ, কোন সংস্থা কত সম্মানি বা ভাতা দেয় তার একটি তালিকা পেশ করতে নির্দেশ দেন। যাতে আগ্রহী প্রবাসীরা সহজে তথ্য পেয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। একইসঙ্গে মানব পাচার রোধে বিভিন্ন দালকে তথ্য সংগ্রহের মাধ্যমে চিহ্নিত করার নির্দেশ দেন তিনি।
Leave a Reply