চট্টগ্রামে বাসা ভাড়া নিয়ে ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর বাসা থেকে ইয়াবা তৈরির একটি মেশিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখার পর নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে নিজ বাসায় উৎপাদন কার্যক্রম শুরু করেন তিনি।
গত শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রামের চান্দগাঁও ও হাটহাজারী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার এবং ইয়াবা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তৌহিদুল আলম আকিব চট্টগ্রামের পটিয়া উপজেলার কুলগাঁও এলাকার বাসিন্দা। তিনি হাটহাজারী থানার শিকারপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ মহিম জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আকিব পুলিশকে জানিয়েছেন, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন তিনি। পরে নারায়ণগঞ্জ থেকে ইয়াবা তৈরির মেশিন কিনে নিজের ভাড়া বাসায় স্থাপন করেন। এরপর সেখানে ইয়াবা ট্যাবলেট তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, শনিবার রাতে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া আকিবকে আটক করেন। এ সময় তাঁর দেহ তল্লাশি করে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকিব তাঁর বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার তথ্য দেন বলে জানায় পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে হাটহাজারী থানার কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় অভিযান চালায়। সেখানে তাঁর দেখিয়ে দেওয়া স্থান থেকে ইয়াবা তৈরির একটি মেশিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, উদ্ধার করা মেশিনে তৈরি ইয়াবা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করা হচ্ছিল। তবে মেশিনটি নারায়ণগঞ্জের কোথা থেকে এবং কার কাছ থেকে কেনা হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।
ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং ইয়াবা তৈরির সরঞ্জাম সরবরাহের পেছনে কোনো চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Leave a Reply