নিউজ ২৪ নারায়ণগঞ্জ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বন্দর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, সতর্কতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় জেলা প্রশাসক ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা প্রশাসকের এ পরিদর্শনের মাধ্যমে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণের পাশাপাশি শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
Leave a Reply