নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা–সিলেট মহাসড়কে একটি ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে ইসমাইল (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের সহকারী রায়হান হোসেন (২০) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কাঁচপুরে স্কয়ার নিট কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী হানিফ নামে এক ব্যক্তি জানান, তিনি গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে ফিরছিলেন। পথে হঠাৎ একটি কাভার্ডভ্যানকে ট্রাকের ওপর উল্টে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন, কাভার্ডভ্যানটি এঁকেবেঁকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনের অংশের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকচালক নিহত হন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply