নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ডাকা লকডাউন চলাকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার চাঁদমারী এলাকায় দুটি লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশসহ ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ফতুল্লার চাঁদমারী এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনসংলগ্ন হাফেজ মহিউদ্দিন শাহী দরবারের পাশে শুভর গ্যারেজের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশের ফুটপাতে দুটি পুরোনো লেগুনা রাখা ছিল। এ সময় দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে লেগুনা দুটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
অগ্নিকাণ্ডে লেগুনা দুটির আসন, কাচ, টায়ার ও প্লাস্টিকের বিভিন্ন অংশ পুড়ে যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় গাড়ি দুটির ইঞ্জিন। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলায় কাউছার আহম্মেদ পলাশ ছাড়াও নামীয় আসামিদের মধ্যে রয়েছেন মীর সোহেল আলী মীরু, মোহাম্মদ হাসান, মো. সিদ্দিকুর রহমান, আমজাদ হোসেন বাঁধন, আলতাফ সরদার, উজ্জল, ফরহাদ, আল ফাহাদ অমিত, শামিউন সিনহা, বাসেদ মেম্বার, ইলিয়াস, দেলোয়ার, টিকা মোল্লা, মিলন, পলাশ, মো. সোহেল, শাওন, রাকিব হোসেন, রাসেল, ফয়সাল আহম্মেদ রূপম, হাজী মনিরুদ্দিন, আতাউর রহমান বাদল, আজমত আলী, মিরু হোসেন ওরফে ল্যাংড়া মিরু, মো. রতন, আনিসুর রহমান শ্যামল, নুর হোসেন, মো. শিপলু, আমির, নেছার সোনি, ফাইজুল ইসলাম চেয়ারম্যান, শহর আলী, শাহাদাত হোসেন সেন্টু ও সৌরভ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply