নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় প্যারাডাইস সিটি সংলগ্ন পদ্মা সেতু রেলপিলারের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের গাড়ির পানি শেষ হয়ে গেলে পাশের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর কাজ অব্যাহত রাখা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার অভিযোগের বিষয়ে তিনি বলেন, স্থানীয় বিএনপির নেতারা এমন অভিযোগ করেছেন। তবে জেলা প্রশাসকের নির্দেশনায় এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করেন।
এ সময় তিনি বলেন, “এটি আওয়ামী লীগের একটি নাশকতা। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা এই এলাকায় ‘ভালো আওয়ামী লীগ’ করতেন, আজ থেকে তাদের আর ভালো থাকা হবে না। এভাবে আগুন সন্ত্রাস করে কাউকে ছাড় দেওয়া হবে না। এখন থেকে কুতুবপুরে চিরুনি অভিযান চালানো হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “গত আড়াই বছর ধরে আমরা কাউকে বিরক্ত করিনি, যারা ভালো আওয়ামী লীগ রয়েছে তাদেরও কিছু বলিনি। তবে এভাবে একের পর এক আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে আমরাও বসে থাকব না, এর কঠোর জবাব দেওয়া হবে।”
তবে অগ্নিকাণ্ডটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply