বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁর নেতৃত্বে গণতন্ত্র, দেশের স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
তিনি বলেছেন, জনগণ বিএনপির নেতাকর্মীদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, কাজের মাধ্যমে তার প্রতিফলন ঘটাতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ আছর শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাশুকুল ইসলাম রাজিব বলেন, বাংলাদেশের মানুষ যে আস্থা ও বিশ্বাস নিয়ে তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তিনি যেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে জন্য সবাইকে দোয়া করতে হবে। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদেরও নিজেদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমান ফ্যাসিবাদ, অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার পরও দেশে নতুন করে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির যে প্রবণতা দেখা যাচ্ছে, তা কোনোভাবেই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি আরও বলেন, নিরীহ মানুষের ওপর হামলা, হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা কোনো সভ্য সমাজে কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আচরণই নতুনভাবে প্রকাশ পাচ্ছে।
বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে রাজিব বলেন, কোনো নিরীহ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জনগণের ভালোবাসা ও দলের প্রতি মানুষের আস্থা অক্ষুণ্ন রাখতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়িয়ে তাদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে হবে।
মিলাদ ও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply