নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার ছয়তলা ভবন থেকে নিচে পড়ে মো. আবুল হোসেন গাজী (২৮) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সোয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডে এ ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন গাজী ওই কারখানার জুনিয়র অপারেটর (ড্রাই প্রসেস) হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুর সদর উপজেলার রংয়ের গাও এলাকার আবুল বারেক গাজীর ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকায় বসবাস করতেন।
কারখানার লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেপজা হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সহকর্মীদের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে কারখানার ছয়তলা ভবন থেকে লাফ দিয়েছিলেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের প্রয়োজন রয়েছে।
নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, শাহবাগ থানা পুলিশের মাধ্যমে তারা ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Leave a Reply