গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা এবং দেশীয় খেলাধুলার প্রসারে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সামাজিক সংগঠন ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দর্শকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে জালকুড়ি হাইস্কুল মাঠ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাইস্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নারায়ণগঞ্জ জালকুড়ি কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন কাবাডি দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুর নাহার বেগম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল প্রধান ও বিএনপি নেতা হাজী কামাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অদুদ সাগর, মিনহাজ মিঠু, বাদশা খান, আশিকুর রহমান অনি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা আসলাম মাহমুদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলাকে জনপ্রিয় করা, নতুন প্রজন্মকে দেশীয় খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে এ প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply