সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মোস্তফা খন্দকারকে আহ্বায়ক, খন্দকার পনিরকে সদস্য সচিব এবং মো. ইয়ানূরকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার ও সদস্য সচিব তামজিদ হোসেন জুবায়েরের স্বাক্ষরিত অনুমোদনের পর জেলা এনসিপির ফেসবুক পেজে নবগঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের সুপারিশও ছিল বলে জানানো হয়েছে।
দলীয় নেতারা জানান, সোনারগাঁ উপজেলার রাজপথে সক্রিয় ও সাংগঠনিকভাবে নিষ্ঠাবান নেতাদের মূল্যায়নের ভিত্তিতেই নতুন কমিটিতে দায়িত্ব বণ্টন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা বলেন, সোনারগাঁয়ের সাধারণ মানুষের অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তারা সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম বিস্তৃত করে সোনারগাঁয়ে এনসিপিকে একটি শক্তিশালী সাংগঠনিক অবস্থানে নিয়ে যেতে তারা নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply