নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদী ও কাশবনসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—মোগরাপাড়া সরকারি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী জমজ দুই ভাই আশেকিন (১৫) ও আরেফিন (১৫)। তারা মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার ফারুক আহমেদের ছেলে। অপর নিহত আবির (১৪) একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকায় ফারুক মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকত।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রোববার সকালে কয়েকজন শিক্ষার্থী স্কুলে না গিয়ে ভাটিবন্দর এলাকার কাশবন দেখতে যায়। একপর্যায়ে তারা দলবেঁধে মেঘনা নদীতে গোসল করতে নামে। পরে তিন শিক্ষার্থী নদীর তীরে থাকা একটি বালুবাহী ট্রলারে ওঠে। ট্রলার থেকে নামার সময় হঠাৎ তারা পানিতে তলিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আদিয়ান ফারিজ (১২) জানায়, তারা কয়েকজন মিলে কাশবন দেখতে ভাটিবন্দর এলাকায় এসেছিল। পরে সবাই মিলে নদীতে গোসল করতে নামে। সে তীরের কাছাকাছি থাকায় পানিতে তলিয়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। তবে তার দুই চাচাতো ভাই ও তাদের এক বন্ধু ট্রলারে উঠে সেখান থেকে নামার সময় পানিতে তলিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার অভিযানে আশেকিন ও আরেফিনের মরদেহ উদ্ধার করা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর অপর শিক্ষার্থী আবিরের মরদেহও উদ্ধার করা হয়।
সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাহেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও আধা ঘণ্টা পর অপর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে জমজ দুই ভাই আশেকিন ও আরেফিনের অকাল মৃত্যুতে তাদের পরিবারসহ বাড়িমজলিশ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply