নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্যাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, দুর্গাপূজা সবার জন্য আনন্দ ও সম্প্রীতির উৎসব। এ উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সহযোগিতা করতে হবে। পূজামণ্ডপসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ-বিন-শফিক।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি শ্রী বিধান কৃষ্ণ রায়সহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply