, , ,
শিরোনামঃ
বন্দরে পাওনা ২২ লাখ টাকা চাওয়ায় হামলা, প্রাণ গেল ৭২ বছরের বৃদ্ধার ফতুল্লায় ‘কোবরা গ্রুপ’ প্রধান সোহেল খন্দকার গ্রেপ্তার, উদ্ধার বিদেশি রিভলভার-হেরোইন রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২ রূপগঞ্জে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: এমপি দিপু সোনারগাঁয়ে ৬ মাসে ১৬ বছরের দ্বিগুণ উন্নয়ন কাজ পাস করিয়েছি: এমপি মান্নান বন্দরে রেলের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৪০০ দোকানপাট ও স্থাপনা ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, পুড়েছে ৩০ গোডাউন নারায়ণগঞ্জে দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, ২৪০ মণ্ডপে থাকবে পুলিশ-আনসার নারায়ণগঞ্জ সদর ইউএনও গোল্ডকাপ ২০২৬: ৮ দলের অংশগ্রহণে থাকছে ১০টি খেলার ইভেন্ট মেধা ও যোগ্যতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন

পরিবারতন্ত্রের বিরুদ্ধে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে পরিবারতন্ত্রের পরিবর্তে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ও বিভিন্ন সরকারি সুবিধা বিতরণে প্রভাবশালী ব্যক্তিদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সংসদ সদস্যের পরিবারের সদস্যরাই বিভিন্ন সুবিধা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকছেন।

একই অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের কঠোর সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, শিক্ষক-শিক্ষার্থীদের বিরোধিতার মধ্যেও তিনি জোরপূর্বক নিজের কার্যালয়ে প্রবেশ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে পদ-পদবির প্রতি অতিরিক্ত আকর্ষণ ও ব্যক্তিত্বের অবক্ষয় নিয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে হাঁটতে চাই। যেখানে মেধা এবং যোগ্যতা পরিবারতন্ত্রের উপরে প্রাধান্য পাবে। কিছুদিন আগে সারের ডিলার নিয়োগ প্রক্রিয়া হয়েছে। সেখানে এমপির ছেলেও সারের ডিলারশিপ পেয়েছে, মেয়েও পেয়েছে, এমপির শালিও পেয়েছে।”

তিনি আরও বলেন, “এমনকি বিধবা কার্ডের টাকা যদি দেওয়া হয়, তাহলে এমপির বউ সবার আগে পাবে। বাংলাদেশের পরিস্থিতি এমন হয়েছে যে, বিধবা কার্ড হলে এমপির বউ বলবে—আমারে একটা দেও আগে। আর বেকার কার্ড, এইগুলো ওনারাই সবার আগে পাবে।”

চুয়েটের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ তাঁকে ‘গুন্ডা ও নির্লজ্জ’ বলে আখ্যায়িত করেন। তাঁর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্যকে চান না। তা সত্ত্বেও তিনি ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কার্যালয়ের তালা ভেঙে নিজের চেয়ারে বসেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, “ওনারে কোনো টিচার চায় না, ওনাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও চায় না। ওনার কলিগরাও চায় না। নির্লজ্জের মতো আজকে উনি তালা ভেঙে চেয়ার দখল করছেন।”

উপাচার্যের নিয়োগের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের ক্লাস ও কার্যক্রম বন্ধ রাখার কথা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, উপাচার্যকে মেনে না নেওয়ায় তিনি গত কয়েক দিন চট্টগ্রামের সার্কিট হাউস থেকে অনলাইনে কার্যক্রম পরিচালনা করছেন বলে তিনি দাবি করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, সমাজে এ ধরনের মানসিক অধঃপতনের বিরুদ্ধে সব সময় সচেতন থাকতে হবে। যাঁদের কাছে শিক্ষার চেয়ে পদ বড় হয়ে ওঠে, যাঁদের নিজের অবস্থান ধরে রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের বিরোধিতার মুখে দাঁড়াতে হয়, তাঁদের বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।

তিনি বলেন, এ ধরনের মানসিকতা শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, স্কুল-কলেজ, বাজার-হাট ও রাজনৈতিক অঙ্গনসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রেও রয়েছে। তাই নতুন বাংলাদেশ গড়তে হলে ব্যক্তিত্ব, লজ্জা, আত্মসম্মানবোধ ও যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদাসসীর চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার, মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

জাতীয় ছাত্রশক্তির জেলা কমিটির সদস্যসচিব সারফারাজ হক সজীব ও মহানগর কমিটির সদস্যসচিব মো. জহিরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক নাজমুল ইসলাম এবং মহানগর ছাত্রশক্তির মুখ্য সংগঠক সিফাত দেওয়ান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।