নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘মাদক ছাড়ো, খেলাধুলায় জড়ো’—এ স্লোগানকে সামনে রেখে বারদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মান্দেরপাড়া যুবসমাজের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট সিজন-৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক ধারায় এগিয়ে নিতে এ ধরনের ক্রীড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম হোসেন দিপু।
তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে মাঠমুখী করতে হবে। প্রতিটি ওয়ার্ডে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা গেলে তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জামাল হোসেন, বারদী ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মো. জামান, ফরিদ হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ছাত্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী আয়োজনকে ঘিরে স্থানীয় যুবসমাজের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত, সুস্থ ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যেই ধারাবাহিকভাবে এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে এলাকার নতুন প্রজন্ম খেলাধুলায় আরও সম্পৃক্ত হবে এবং সামাজিক অবক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখবে।
Leave a Reply