, , ,
শিরোনামঃ
শ্রমিকদের সচেতনতায় ভেস্তে গেছে পোশাকশিল্প ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত: রাজীব শ্রমিক অসন্তোষের মধ্যেও সচল সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের শিল্পাঞ্চল, সমন্বয়ে নেতৃত্বে সজীব ঘুষ-হয়রানি বন্ধ হলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারব’—মাসুদুজ্জামান বন্দরে পারিবারিক কলহের জেরে তিন সন্তানের জনকের মৃত্যু, মর্গে মরদেহ শ্রমিক অসন্তোষে ইন্ধনদাতাদের হুঁশিয়ারি এমপি নজরুল ইসলাম আজাদের, বিসিক শিল্পাঞ্চলে কারখানা পরিদর্শন শ্রমিক অসন্তোষ নিরসনে নারায়ণগঞ্জে সমন্বয় বৈঠক, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের তাগিদ রূপগঞ্জে নাশকতার অভিযোগে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার শ্রমিক অসন্তোষে এনসিপি-জামায়াতের ভূমিকা প্রশ্নবিদ্ধ, ক্ষোভ ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামানের শ্রমিক আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগ নয়, নাশকতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার শ্রমিক অসন্তোষকে ‘পরিকল্পিত’ দাবি এমপি দিপুর, পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ

শ্রমিক অসন্তোষে ইন্ধনদাতাদের হুঁশিয়ারি এমপি নজরুল ইসলাম আজাদের, বিসিক শিল্পাঞ্চলে কারখানা পরিদর্শন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের গার্মেন্ট শিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে তিনি আন্দোলনকে কেন্দ্র করে ইন্ধন, উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শ্রমিকদের ভাগ্য নিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফতুল্লার বিসিক শিল্পনগরীর বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন করেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। এ সময় তিনি কারখানার মালিক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিক অসন্তোষের সর্বশেষ পরিস্থিতি এবং শিল্পকারখানার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে নজরুল ইসলাম আজাদ বলেন, শ্রমিক অসন্তোষ নিরসনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ সম্মিলিতভাবে কাজ করছেন। তবে চলমান পরিস্থিতির পেছনে কিছু ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ইন্ধন রয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘আমরা এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ বিএনপির নেতৃবৃন্দ সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করছি। আমি বিশেষ করে যেটি উপলব্ধি করলাম, এখানে কিছু ফ্যাসিস্টদের ইন্ধন আছে। আপনারা দেখেছেন, গতকাল কিছু ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত কর্মী গ্রেপ্তার হয়েছে। আর বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না।’

শ্রমিকদের আন্দোলনের যৌক্তিকতা প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকরা অকারণে আন্দোলন করতে চান, এমনটা তিনি বিশ্বাস করেন না। তাঁদের কিছু দাবি ও প্রত্যাশা থাকতেই পারে। এসব ন্যায্য ও যুক্তিসংগত দাবি বিবেচনায় নিয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মজুরি কমিশন গঠনের বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে শ্রমিকদের মজুরি নির্ধারণে কমিশন গঠন করেছেন। শ্রমিকদের জন্য যা ন্যায্য ও যুক্তিসংগত, সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

শ্রমিক আন্দোলনকে পুঁজি করে পেছন থেকে ইন্ধন দিয়ে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা না করার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম আজাদ বলেন, লাঠিসোঁটা নিয়ে কিংবা ট্রাকে করে লোক পাঠিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এরকম ফাজলামো করে এবং ইন্ধন দিয়ে কোনো লাভ হবে না। আমরা জাতীয়তাবাদী দল। আন্দোলন-সংগ্রাম করেই এখানে এসেছি। জনগণের ভোটের মাধ্যমে আমরা সরকার গঠন করেছি এবং জনগণের ভোটের মাধ্যমে জননেতা তারেক রহমান এ দেশের মানুষের প্রধানমন্ত্রী হয়েছেন।’

রাজনৈতিকভাবে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা মোকাবিলায় বিএনপি সক্ষম বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, শ্রমিকদের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি না খেলে। যারা শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, তাঁদের এমন কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে।

নজরুল ইসলাম আজাদ বলেন, ‘আমরা জাতীয়তাবাদী দল। রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য আমাদের সম্পূর্ণ সক্ষমতা রয়েছে, ইনশাআল্লাহ। যারা ইন্ধন দিচ্ছেন, যারা ঝামেলা করার চেষ্টা করছেন, আপনারা থেমে যান। শ্রমিকের ভাগ্য নিয়ে খেলাধুলা করবেন না।’

শ্রমিকদের ন্যায্য পাওনা, সম্মানজনক মজুরি ও হালাল উপার্জনের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শ্রমিকরা যেন তাঁদের পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সেটি নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে শ্রমিকদের বিভ্রান্ত করে কেউ যেন শিল্পাঞ্চলের পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদ, জেলা যুবদল নেতা ইমরান কাউসার ও সাগর সিদ্দিকীসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।