নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত নোংরা রাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল। মঙ্গলবার (৩০ জুন) সকালে নগরীর খানপুর হাসপাতাল রোড এলাকায় এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে থাকেন। তবে সবচেয়ে বড় ও সুশৃঙ্খল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা ও আশিকুর রহমান অনি । তাদের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মীর বিশাল এক মিছিল পুরো এলাকা প্রদক্ষিণ করে মূল সমাবেশে এসে যোগ দিলে অনুষ্ঠানস্থলে নতুন প্রাণের সঞ্চার হয়।
সমাবেশে গণমাধ্যমকে আবুল বাসার বাদশা জানান, “রাজনীতিতে শিষ্টাচার ও নৈতিকতা থাকা অত্যন্ত জরুরি। কিন্তু একটি মহল রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আমাদের দলের ত্যাগী নেতাদের বিরুদ্ধে নোংরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা রাজপথের সৈনিক, এসব মিথ্যা অপপ্রচার দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। তারেক রহমানের নেতৃত্বে যুবদল আজ ঐক্যবদ্ধ। যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে আমরা রাজপথে প্রস্তুত রয়েছি।
তিনি আরও বলেন, “জনগণ আমাদের সাথে আছে। কোনো অপশক্তি বা অপপ্রচার আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করতে পারবে না। আমরা আগামী দিনেও জনমানুষের অধিকার রক্ষায় রাজপথে থাকবো।
সমাবেশ শেষে জেলা ও মহানগর যুবদলের একটি বিক্ষোভ মিছিল খানপুর এলাকা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি চাষাঢ়া স্মৃতিস্তম্ভের (বিজয় স্তম্ভ) পাদদেশে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতৃবৃন্দসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply