, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ দুই বলয়ের রাজনীতিতে দুই দিকেই বিথী! আইনজীবী ফোরামে প্রশ্ন—বিথী তুমি কার? রাসেল হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু, শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র সিদ্ধিরগঞ্জে ৩৩ লাখ টাকার চোরাই জেট ফুয়েলসহ ট্যাংকার জব্দ, আওয়ামী লীগ নেতা ইয়ারসহ মূল অভিযুক্তরা অধরা বিস্কুটের প্যাকেটে ৪.২ কেজি গাঁজা, সোনারগাঁয়ে নারী মাদক কারবারি গ্রেপ্তার ৩০ হাজার টাকা মজুরির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের সাড়ে ৫ ঘণ্টার অবরোধ, ভোগান্তিতে নগরবাসী গোদনাইলে হলি উইলস স্কুলে ব্যতিক্রমী চকলেট উৎসব, এক মুষ্টিতে সর্বোচ্চ ৪২টি! শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুরকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে: এমপি আজাদ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, লিংক রোডে তীব্র যানজট অসামাজিক কাজে লিপ্ত নারী-পুরুষ সহ গ্রেপ্তার ৩১ ‎

দুই বলয়ের রাজনীতিতে দুই দিকেই বিথী! আইনজীবী ফোরামে প্রশ্ন—বিথী তুমি কার?

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অভ্যন্তরীণ রাজনীতি এখন স্পষ্টতই দুই মেরুতে বিভক্ত। একদিকে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অন্যদিকে জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। গত কয়েক মাস ধরে দুই বলয়ের নেতাকর্মীরা পৃথকভাবে সাংগঠনিক কর্মসূচি পালন করে আসছেন। এমন বিভক্ত পরিস্থিতিতে সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসমা হেলেন বিথীর দুই পক্ষের সঙ্গেই সমানতালে উপস্থিতি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

একই সংগঠনের দুই বলয়ের পৃথক কর্মসূচিতে তাঁর উপস্থিতি দেখে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তিনি আসলে কোন পক্ষের? নাকি দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক বজায় রেখে নিজের অবস্থান সুবিধাজনক রাখার কৌশল নিয়েছেন? আইনজীবী ফোরামের নেতাকর্মীদের মধ্যে এখন আলোচনার বিষয়—বিথী তুমি কার?

ঘটনা সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রবিবার (১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন। এতে সাখাওয়াত বলয়ের বিএনপিপন্থী আইনজীবীরা অংশ নেন। তাঁদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসমা হেলেন বিথী।

কিন্তু পরদিন সোমবার (২ নভেম্বর) দুপুরে অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের উদ্যোগে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় একই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়। সেখানেও প্রথম সারিতে দেখা যায় আসমা হেলেন বিথীকে।

এ অনুষ্ঠানে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, বর্তমান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকিরসহ বিপুলসংখ্যক বিএনপিপন্থী আইনজীবী অংশ নেন। অর্থাৎ একদিন সাখাওয়াতের নেতৃত্বাধীন বলয়ের কর্মসূচিতে, পরদিন আনোয়ার প্রধানের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতেও তাঁর সরব উপস্থিতি ছিল।

এ নিয়ে আইনজীবী ফোরামের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁদের একাংশের প্রশ্ন, সংগঠনের অভ্যন্তরে যখন নেতৃত্ব ও সাংগঠনিক অবস্থান নিয়ে দুই পক্ষের মধ্যে দূরত্ব স্পষ্ট, তখন একজন যুগ্ম আহ্বায়কের এমন দ্বিমুখী উপস্থিতি কতটা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য? সংগঠনের ঐক্য ও আদর্শিক অবস্থানের চেয়ে ব্যক্তিগত সম্পর্ক কিংবা সুবিধাকে প্রাধান্য দেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ।

নেতাকর্মীদের মতে, রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থানের ক্ষেত্রে স্পষ্টতা থাকা জরুরি। দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক বজায় রেখে চলার এমন প্রবণতা শেষ পর্যন্ত সংগঠনের ঐক্যকে আরও দুর্বল করতে পারে। বিশেষ করে নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে থাকা কারও অবস্থান অস্পষ্ট থাকলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়াই স্বাভাবিক।

সব মিলিয়ে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দুই বলয়ের টানাপোড়েনে আসমা হেলেন বিথীর অবস্থান নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে। দুই পক্ষের কর্মসূচিতেই উপস্থিত থেকে তিনি কী বার্তা দিতে চাইছেন, সেটিই এখন বড় প্রশ্ন। আইনজীবী ফোরামের নেতাকর্মীদের প্রত্যাশা, তিনি নিজের সাংগঠনিক অবস্থান স্পষ্ট করবেন। কারণ, দুই নৌকায় পা দিয়ে চলার রাজনীতি দীর্ঘমেয়াদে কতটা গ্রহণযোগ্য, সেই প্রশ্ন এড়ানোর সুযোগ নেই।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।