নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে। কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
আজ বুধবার (১ অক্টোবর, ২০২৬) আড়াইহাজার উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ফেনী জেলা প্রান্ত থেকে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তা বাস্তবে রূপ দিয়ে দেখান। এটাই তারেক রহমান সরকারের প্রকৃত পরিচয় ও মূল শক্তি। কৃষক কার্ড বিতরণ তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আড়াইহাজারের আপামর জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় প্রধানমন্ত্রীর কৃষকপ্রীতি মনোভাব ও প্রান্তিক কৃষকদের কল্যাণে গৃহীত উদ্যোগের প্রশংসা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রেরিত বিশেষ সহায়তার অংশ হিসেবে আজ কৃষক-কিষাণী ‘কৃষক কার্ড’ গ্রহণ করেছেন। আপনার এ যুগান্তকারী উপহারে আড়াইহাজারের কৃষকরা আজ অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত।
তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি শক্তিশালী, সার্বভৌম, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা বাস্তবায়নে প্রশাসনের সর্বস্তরের কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে দেশ ও রাষ্ট্রবিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
আড়াইহাজার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply