নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় দুইজন, সন্ত্রাসবিরোধী মামলায় একজন, মাদকসেবী সাতজন, পরোয়ানাভুক্ত একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সোনারগাঁ থানাধীন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে জামাল হোসেন (২৫), মো. মুজবর (৬০), মো. তারেক মিয়া (২৪), মো. ইসমাইল (৩০), সাকিব হাসান (২২), মো. সুমন (২৭) ও মো. আতিক হাসান (২০)কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া সন্ত্রাসবিরোধী মামলায় স্বপন (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি সোনারগাঁ উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য।
মাদক মামলায় ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মহিউদ্দিন (২৭) ও ফারুক (৪২)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মহিউদ্দিন সোনারগাঁ থানার কাশিপুর এলাকার এবং ফারুক বন্দরের কলাবাড়ী এলাকার বাসিন্দা।
অন্যদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. মনির হোসেন (৫০) এবং আদালতের পরোয়ানাভুক্ত মো. আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথকভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানাধীন বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply