নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও নাগরিক অধিকার সুরক্ষায় জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও নাগরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। এর মধ্যে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, যানজট নিরসন, ওয়াসার সংস্কারসহ নারায়ণগঞ্জের নাগরিক অধিকার রক্ষায় সংগঠনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়।
সভায় ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম নারায়ণগঞ্জে যোগদানের পর পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।
তিনি বলেন, “পুলিশ সুপার যোগদানের মাত্র ২৫ কর্মদিবসের মধ্যে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দেড় হাজারেরও বেশি অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। এ জন্য নাগরিক অধিকার ফোরামের পক্ষ থেকে পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ভবিষ্যতেও অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।”
জবাবে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, “পুলিশের একার পক্ষে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব নয়। অপরাধ দমনে নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন, সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই সম্মিলিতভাবে কাজ করলে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব।”
পুলিশ সুপার আরও বলেন, “মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় পাশে থাকবে। কোথাও অপরাধ সংঘটিত হলে বা অপরাধীদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
মতবিনিময় সভায় জেলা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শামীম হোসেন।
নাগরিক অধিকার ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল, সহ-সভাপতি রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মোহাম্মদ আলী, হাফেজ মো. কবির, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ রানা, সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম কামরুল হাসান বাবুল, অর্থ সম্পাদক মো. আমজাদ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক শেখ সেলিম আহাম্মদ, প্রচার সম্পাদক শরীফ সুমন, সদস্য স্বপন চৌধুরী, অহিদুর রহমান আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
Leave a Reply