নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৮০০ আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন ও তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জোনাল বিক্রয় অফিস-বন্দর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লাঙ্গলবন্দের চিরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০০টি ডাবল বার্নারের অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৩৫০ ফুট এমএস পাইপ ও একটি ভাল্ব অপসারণ করা হয়।
পরে চিরাইপাড়া জাঙ্গাল এলাকায় ‘ঢাকা সিয়াম বেকারি’তে অভিযান পরিচালনা করা হয়। সেখানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বেকারিটিতে দুটি ওভেন ও দুটি ডাবল বার্নার ব্যবহার করতে দেখা যায়। এ সময় সেখান থেকে প্রায় ৩০ ফুট এমএস পাইপ ও একটি বুস্টার জব্দ করা হয়।
এ ছাড়া কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে অভিযান চালিয়ে আরও প্রায় ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৭০ ফুট তিন ইঞ্চি ব্যাসের এমএস পাইপ অপসারণ করা হয়।
অভিযানকালে মাটির প্রায় ১৫ ফুট নিচে মূল চার ইঞ্চি গ্যাস লাইনের সঙ্গে সংযুক্ত একটি অবৈধ বিতরণ লাইনের উৎসস্থলও বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত প্রায় ২০০ ফুট হোস পাইপ কেটে অপসারণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, অবৈধ গ্যাস সংযোগের কারণে একদিকে যেমন গ্যাসের অপচয় ও সিস্টেম লস বাড়ছে, অন্যদিকে তেমনি এসব সংযোগ জননিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট সরঞ্জাম অপসারণ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে।
তারা আরও জানান, অবৈধ গ্যাস সংযোগ বন্ধ, গ্যাসের অপচয় রোধ এবং সিস্টেম লস কমাতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
Leave a Reply