, , ,
শিরোনামঃ
৯৫ শতাংশ কাজ শেষ, সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি ফতুল্লায় মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৩ সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যুবদল নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান সাহেদ আহমেদের ফতুল্লায় শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রূপগঞ্জে গভীর রাতে পৃথক স্থানে দুটি বাসে আগুন, দুর্বৃত্ত শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, নতুন আইনে গ্রেপ্তার ১২ সোনারগাঁয়ে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ আড়াইহাজারে বিএনপি-ছাত্রদলের দুই নেতার অনুসারীদের সংঘর্ষ, আহত ৭ আজমেরী ওসমানের সহযোগী হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার

৯৫ শতাংশ কাজ শেষ, সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন-ডাঙা সড়কের পাঁচ কিলোমিটার অংশের নির্মাণকাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হলেও সড়কের ওপর থেকে সরানো হয়নি শতাধিক বৈদ্যুতিক খুঁটি। এর মধ্যে ৪৬টি খুঁটি রয়েছে সড়কের মূল অংশের মধ্যে। ফলে নতুন নির্মিত সড়কেই যানবাহন ও পথচারীদের চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। খুঁটি এড়িয়ে চলতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। সড়কটি পুরোপুরি চালু হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ এসব খুঁটি অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, নতুন কংক্রিটের সড়কের মাঝখানে ও চলাচলের জায়গাজুড়ে দাঁড়িয়ে আছে একের পর এক বৈদ্যুতিক খুঁটি। কোথাও সড়কের ঠিক মাঝখানে, কোথাও যানবাহন চলাচলের অংশে, আবার কোথাও সড়কের একেবারে পাশে রয়েছে এসব খুঁটি। সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় এখনো ভারী যানবাহনের নিয়মিত চলাচল শুরু হয়নি। তবে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল করছে। এসব যানবাহনকে প্রতিনিয়ত খুঁটি এড়িয়ে চলতে হচ্ছে।

স্থানীয়দের আশঙ্কা, সড়কটি পুরোপুরি চালু হলে ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে। বিশেষ করে রাতে খুঁটিগুলো এড়িয়ে চলতে গিয়ে চালকদের বিপরীত দিক দিয়ে যানবাহন চালাতে হচ্ছে। এতে মুখোমুখি সংঘর্ষসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা ও ভোলাবো ইউনিয়নের সঙ্গে নরসিংদীর পলাশ ও ঘোড়াশালসহ আশপাশের এলাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম কাঞ্চন-ডাঙা সড়ক। সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে পাঁচ কিলোমিটার সড়কটি ২৪ ফুট প্রশস্ত করে নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সড়কটির প্রায় সাড়ে চার কিলোমিটার অংশে রয়েছে শতাধিক পল্লী বিদ্যুতের খুঁটি। এর মধ্যে ৪৬টি খুঁটি সড়কের মূল অংশের মধ্যে পড়েছে।

সড়ক নির্মাণের শুরুতেই খুঁটিগুলো স্থানান্তরের জন্য নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাছে আবেদন করেছিল সওজ। জবাবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ খুঁটি স্থানান্তরের ব্যয় নির্ধারণ করে সেই অর্থ জমা দিতে জানায়। কিন্তু নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করায় খুঁটি স্থানান্তরের কাজ শুরু হয়নি। অন্যদিকে থেমে থাকেনি সড়ক নির্মাণকাজ। একের পর এক খুঁটি রেখেই এগিয়ে নেওয়া হয়েছে নির্মাণকাজ। ইতিমধ্যে সড়কের প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

এখন খুঁটিগুলো সরাতে হলে নতুন নির্মিত সড়কের বিভিন্ন অংশ কাটতে হবে। খুঁটি স্থানান্তরের পর আবারও সড়ক মেরামতের প্রয়োজন হবে। এতে বাড়বে নির্মাণব্যয় এবং সরকারি অর্থের অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। শুরুতে খুঁটি সরিয়ে পরে সড়ক নির্মাণ করা হলে যে ব্যয় ও ভোগান্তি এড়ানো যেত, এখন সেই কাজই করতে হচ্ছে উল্টোভাবে।

ভোলাবো ইউনিয়নের পাইস্কা গ্রামের বাসিন্দা কাজি রেজাউল হক বলেন, সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। সড়কটি নতুন করে নির্মাণ করা হলেও খুঁটি অপসারণ না করায় এর সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না। দ্রুত খুঁটিগুলো সরানো প্রয়োজন।

কাঞ্চন পৌরসভার বিরাবো গ্রামের বাসিন্দা এসএম আবু কাউছার বলেন, সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে রাতে খুঁটিগুলো এড়িয়ে চলতে গিয়ে চালকদের নানা সমস্যায় পড়তে হয়। এতে দুর্ঘটনা বাড়ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ বলেন, সড়কের মাঝখানে থাকা খুঁটিগুলো অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সমিতির নিজস্ব ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে নয়টি খুঁটি স্থানান্তরের কাজ শেষ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে বাকি খুঁটিগুলো সরানোর কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, খুঁটি অপসারণের জন্য প্রয়োজনীয় বাজেট চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো বাজেট পাওয়া যায়নি। বাজেট বরাদ্দ পাওয়া মাত্রই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে নির্ধারিত অর্থ পরিশোধ করা হবে। এরই মধ্যে খুঁটি অপসারণের কাজ শুরু করতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

সড়কটির নির্মাণকাজ প্রায় শেষ হলেও বৈদ্যুতিক খুঁটি অপসারণের কাজ কবে নাগাদ সম্পন্ন হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কে নির্বিঘ্ন ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে দ্রুত খুঁটিগুলো সরানোর পাশাপাশি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ যথাযথভাবে মেরামতের দাবি জানিয়েছেন তাঁরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।