নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটের দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে আষাঢ়িয়ারচর পুলিশ চেকপোস্ট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এবং পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মেহারী ইউনিয়নের শিমরাইল এলাকার ফয়সাল ওরফে জুজু (২৯), একই জেলার কসবা থানার কুঠি ইউনিয়নের কুঠি জাজিয়ারা এলাকার আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর থানার দিঘী ইউনিয়নের ছুটিভাগবাউল এলাকার মো. শাকিল (৩৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে থাকা কসটেপ দিয়ে মোড়ানো তিনটি পলিথিন ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি ব্যাগে চার কেজি, অন্যটিতে তিন কেজি এবং তৃতীয় ব্যাগে দুই কেজি গাঁজা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৯ কেজি।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply