নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১তম বার্ষিকী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। বৃহত্তর আইলপাড়া, উত্তর হাজীগঞ্জ, দোকান কমিটি ও যুবসমাজের যৌথ উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলের স্থান: ভোকেশনাল রোড, আইলপাড়া, ৮ নম্বর ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
তারিখ: ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার।
আয়োজক সূত্রে জানা যায়, মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থেকে পবিত্র কোরআনের তাফসির, গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা ও নসিহত পেশ করবেন। পাশাপাশি আব্বাসী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় নাতে রাসুল (সা.) অনুষ্ঠিত হবে। মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।
মাহফিলে শুভ আগমন ও মোনাজাত পরিচালনা করবেন তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির, শাইখুল হাদিস ও মুনাজেরে মিল্লাত আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। তিনি জৈনপুরী দরবার শরিফের আব্বাসী মঞ্জিলের বর্তমান গদিনশিন পীর হিসেবে পরিচিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাসুকুল ইসলাম রাজীবের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইব্রাহিম নিট গার্মেন্টস (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইউসুফ। মাহফিলে সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুল।
এ ছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে আলহাজ হযরত মাওলানা সাইয়্যেদ মুহাম্মাদ এহসান উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, আলহাজ হযরত মাওলানা কারী সাইয়্যেদ মুহাম্মাদ ওবায়েদ উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী এবং পীর সাহেবের বড় সাহেবজাদা সাইয়্যেদ মুহাম্মাদ মোস্তফা আহমাদ আমিন আকিব আব্বাসীর।
মাহফিলের প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন মুফতি মানজুর হোসাইন খন্দকার। বিশেষ বক্তা হিসেবে থাকবেন আন নূর সুন্নীয়া মাদরাসা, বাসাবো, ঢাকার অধ্যক্ষ; বাইতুল মামুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ মুহাম্মাদ আব্দুর রহিম; আইলপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি নূর মুহাম্মাদ; নতুন আইলপাড়ার বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি শফিউদ্দিন আহমাদ সিরাজী এবং হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা হাফেজ মো. কামরুজ্জামান।
মাহফিল পরিচালনায় থাকবেন তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সাওবান শাকিব। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন বৃহত্তর আইলপাড়ার একদল তরুণ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সার্বিক সহযোগিতা এবং দোয়া-মোনাজাতে অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
শুভেচ্ছান্তে: মো. আক্তার হোসেন, সহসভাপতি, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি।
Leave a Reply