নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর আল-আমিন গার্মেন্টসের সামনে মাদক কেনাবেচার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মোঃ শহিদুল ইসলাম (৩৪), মোঃ জামাল হোসেন (৪৪) ও সোহেল হোসেন (৪২)। এ সময় তাদের কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া পৃথক অভিযানে সিআর সাজাপ্রাপ্ত, জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আরও ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মোঃ আরিফুর রহমান বাপ্পি, আমিনুল হক পাবেল, মোঃ আরিফুর রহমান, তাহমিনা এবং তুফিকুল ইসলাম দুর্জয় (২৮)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply