নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। কার্যালয় বন্ধ থাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে কার্যালয়ের ভেতর থেকে বিকট শব্দ শুনতে পান তারা। পরে বাইরে থেকে একটি কক্ষে আগুন জ্বলতে দেখে বিষয়টি ইউএনও কার্যালয়ে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে আগুনে একটি কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), সিসিটিভি ক্যামেরার মনিটর, টেবিল, সিলিংসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে কম্পিউটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কার্যালয় বন্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Leave a Reply