নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য অকিল উদ্দিন ভুঁইয়া। তাঁর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে র্যালিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন অকিল উদ্দিন ভুঁইয়া। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগী নেতাকর্মীদের ভূমিকা এবং নারায়ণগঞ্জের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অকিল উদ্দিন ভুঁইয়া বলেন, “বিগত কয়েক বছর আগে এই প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির মধ্যেই আমাদের সহকর্মী যুবদল নেতা শাওন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তারপরও আমরা ভয় পাইনি। পরের বছরও আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি। আজও আমরা শাওন হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমেছি।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা দলের দুর্দিনে রাজপথে থেকে মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। তাঁর ভাষায়, “যারা দুর্দিনে রাজপথে ছিলাম, মামলা-হামলা ও জেল-জুলুম সহ্য করে আজও দলের সঙ্গে আছি—তাদের মূল্যায়ন করতে হবে। এখন অনেক নতুন মুখ ও হাইব্রিড নেতাকর্মী দেখা যাচ্ছে। ত্যাগী নেতাকর্মীদের বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরা প্রয়োজন।”
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করে অকিল উদ্দিন ভুঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে পূর্ণাঙ্গ থানা কমিটি না থাকায় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক সমন্বয়ের ঘাটতি তৈরি হয়েছে। তিনি দ্রুত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির একটি পূর্ণাঙ্গ ও কার্যকর কমিটি গঠনের দাবি জানান।
তিনি বলেন, “সিদ্ধিরগঞ্জ ছিল আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। অথচ বর্তমানে এখানে বিএনপির পূর্ণাঙ্গ থানা কমিটি নেই। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে রয়েছেন। তাদের ঐক্যবদ্ধ করার জন্য একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো প্রয়োজন। তাই অবিলম্বে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা জরুরি।”
অকিল উদ্দিন ভুঁইয়া বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠনই তৃণমূল নেতাকর্মীদের কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা হলে ভবিষ্যতে যেকোনো গণতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচি আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি দলের ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিদ্ধিরগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হোক
সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-২ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ জেলা, থানা, পৌরসভা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অকিল উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নারায়ণগঞ্জের তৃণমূল পর্যায়ে তাঁর সাংগঠনিক সক্রিয়তার বিষয়টি নতুন করে সামনে নিয়ে আসে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে তাঁর নেতৃত্বে নেতাকর্মীদের এই উপস্থিতি সিদ্ধিরগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যাশাকেও জোরালো করেছে।
Leave a Reply